ভারতের সরকারি হাসপাতালে ঠাঁই না হওয়ায় অবশেষে ভারতের মুজাফফরনগর দাঙ্গার শিকার এক নারী সন্তান জন্ম দিলেন প্রকাশ্য রাস্তায়।
তার স্বামী বলেছেন, তাকে কান্ধলা শহরের একটি প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার স্ত্রীকে ওই হাসপাতাল ভর্তি করা হয়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
এতে বলা হয়, ২০১৩ সালে মুজাফফরনগরে যে দাঙ্গা হয় তখন তার শিকারে পরিণত হন ৩৫ বছর বয়সী ওই নারী। তিনি বাস্তুচ্যুত এবং অন্তঃসত্ত্বা হয়েছিলেন।
মঙ্গলবার তার প্রসব বেদনা ওঠে। এ সময় তাকে ওই হাসপাতালে নিয়ে যান তার স্বামী। কিন্তু সেখানে গিয়ে বিরূপ আচরণের শিকার হন তিনি। এ ঘটনায় সেখানকার প্রধান মেডিকেল অফিসারের নেতৃত্বে তদন্ত শুরু হয়।
উল্লেখ্য, ওই হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা তাকে এই বলে ফিরিয়ে দেন যে, তার ডেলিভারির সময় আরও তিন দিন পরে। এ কথার পর তিনি বাড়ীর উদ্দেশে রওনা হন। কিন্তু বাসায় ফেরার পথেই রাস্তায় তিনি উম্মুক্তস্থানে সন্তান প্রসব করেন। পরে প্রধান মেডিকেল কর্মকর্তা ভি অগ্নিহোত্রির নির্দেশনায় তাকে শামলি জেলার একটি হাসপাতালে নেয়া হয়।
এফএফ





