লিবিয়া উপকূল থেকে অন্তত ২৪ শরণার্থীর লাশ উদ্ধার করে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। এছাড়াও সাগর থেকে প্রায় পাঁচ হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার ইতালীয় নৌবাহিনীর সদস্যরা।
লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলে মঙ্গলবার ভূমধ্যসাগরের উপকূল থেকে শরণার্থীদের লাশগুলো উদ্ধার করা হয়। খবর রয়টার্সের।
উপকূলীয় এলাকার বাসিন্দারা জানান, সোমবার থেকে লাশগুলো উপকূলে ভেসে আসতে শুরু করে। কয়েকটি লাশের কিছু অংশ নেড়ি কুকুরে খেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কোস্টগার্ডের এক কর্মকর্তা। লাশের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
জার্মানির একটি স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে, সোমবার রাতে ইতালীয় নৌবাহিনীর নেতৃত্বে উদ্ধার অভিযান চলার সময় ভূ-মধ্যসাগরে তিন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়, তবে আরও কয়েক হাজার অভিবাসীপ্রত্যাশীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
ফেসবুকে সংস্থাটি বলেছে, সব ধরণের প্রচেষ্টা সত্বেও ডুবন্ত একটি রাবারের নৌকার তিন আরোহীকে বাঁচানো যায়নি।
ইতালীয় কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী গোষ্ঠীগুলো এবং বেসরকারি নৌযানগুলো প্রায় পাঁচ হাজার অভিবাসনপ্রত্যাশীকে লিবিয়া উপকূল থেকে উদ্ধার করেছে।
এবছরের জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত প্রায় ৭২ হাজার অভিবাসনপ্রত্যাশী লিবিয়ার বিপজ্জনক পথে ইতালিতে উপস্থিত হয়েছে। গত বছর এই পথে যত অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছিল এই সংখ্যা তার চেয়ে অন্তত ২০ শতাংশ বেশি।
এমএনজে





