ভোর পাঁচটায় তারা দেখেছেন নদীর পানি স্বাভাবিক। হঠাৎই এক ঘণ্টার মধ্যে পুরো নদীর পানি লাল হয়ে গেল। বাতাসেও ছড়িয়ে পড়ল অদ্ভুত একটা গন্ধ। স্থানীয় বাসিন্দারা তো হতবাক! একি কাণ্ড ঘটে গেল চোখের সামনে!
এই রহস্যময় ঘটনাটি ঘটেছে পূর্ব চীনের একটি নদীতে। ঝেজিয়াং প্রদেশের বাসিন্দারা জানান, ভোর ৫টার দিকেও তারা নদীর পানি স্বাভাবিক দেখেছেন। কিন্তু এরপর এক ঘণ্টার মধ্যে পুরো নদীর পানি লাল হয়ে যায়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। মানুষ ভিড় করতে থাকে রক্তলাল পানিভর্তি নদীর তীরে।
ওয়েনঝো পরিবেশ সংরক্ষণ ব্যুরোর পরিদর্শকরা এই ঘটনার কোনো কারণই খুঁজে পাচ্ছেন না। যদিও পানি দেখে মনে হচ্ছে অবৈধ কোনো বস্তু নদীতে ঢেলে দেওয়ার কারণেই এমনটা হয়েছে। হতে পারে তা কৃত্রিম রং।
ব্যুরোর প্রধান জিয়ানফেং জিয়াও বলেন, টাইফুনের সংকেত থাকায় কেউ হয়তো সুযোগ নিয়ে রংগুলো ঢেলে দিয়েছে। ভেবেছিল প্রবল বর্ষণে রং ভেসে যাবে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নদীর তীর ধরে বেশ কয়েকটি কাগজ, খাবারের রং ও পোশাক তৈরির কারখানা রয়েছে। কাজটি তাদেরই কারও হতে পারে, বলেন জিয়ানফেং।
ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





