দুর্নীতির মামলায় ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সেইসঙ্গে তার ১০০ কোটি রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া ওই মামলায় আরও তিনজনের চার বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।
দেশটির ব্যাঙ্গালুরু আদালতের বিচারক জন মিখায়েল চুনহা শনিবার এ রায় ঘোষণা করেন। রায় অনুযায়ী দুর্নীতির মামলা প্রমাণিত হওয়ায় জয়ললিতা ও তার তিন ঘনিষ্ঠ এন সাসিকালা, জে এলাবারাসি ও ভি এম সুধাকরণকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জয়ললিতাকে ১০০ কোটি এবং অপর তিনজনকে ১০ কোটি রুপি করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এদিকে, রায় ঘোষণা পর জয়ললিতা মাথা ঘুরে পড়ে যান এবং তাকে হাসপাতালে নেওয়ার কথা বলেছে ভারতীয় গণমাধ্যম।
অন্যদিকে, চার বছরের কারাদণ্ড হওয়ায় জয়ললিতাকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে বলে মনে করা হচ্ছে। কারণ দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় তিনি ওই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
দীর্ঘ ১৮ পর শনিবার তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। ওইদিন ব্যাঙ্গালুরুর বিশেষ আদালত তাকে দোষী সাব্যস্ত করে। আইন অনুযায়ী এখন তাকে পদত্যাগ করতে হবে। কারণ গত বছর দেশটির সুপ্রীমকোর্ট বলেছে, কোনো সংসদ সদস্যের যেকোনো অপরাধে দুই বা ততোধিক বছরের কারাদণ্ড হলে তাকে তাৎক্ষণিকভাবে পদ থেকে সরে যেতে হবে।
এর আগে শনিবার সকালে চেন্নাই থেকে মামলার শুনানিতে হাজির হতে ব্যাঙ্গালুরু যান ৬৬ বছর বয়সী এ নেতা। বর্তমান বিজেপি (ভারতীয় জনতা পার্টি) নেতা সুব্রামানিয়ান স্বামী ১৮ বছর আগে তার বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করেন।
প্রসঙ্গত, সুব্রামানিয়ান তখন ডিএমকে দলের নেতা ছিলেন। আর ডিএমকে তামিলনাড়ুতে জয় ললিতার এআইএডিএমকে দলের প্রধান প্রতিদ্বন্দ্বী।
এদিকে, মামলার রায় ঘোষণার পর তামিলনাড়ুতে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে এআইএডিএমকে দলীয় সমর্থকরা ডিএমকে প্রধান এম করুনানিধির বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রথমবার মুখ্যমন্ত্রী থাকাকালে জয়ললিতা অবৈধভাবে সম্পদ সংগ্রহ করেছেন। উল্লিখিত ওই পাঁচ বছরে তিনি ৬৬ কোটি রূপি সংগ্রহ করেছেন যা তার বেতনের অনুপাতে সামঞ্জস্যশীল নয়।
অবশ্য জয়ললিতা বলেছেন, ওই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
২০০১ সালে জয়ললিতা পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করায় মামলাটি তামিলনাড়ু থেকে ব্যাঙ্গালুরুতে স্থানান্তর করা হয়। যাতে ক্ষমতাসীন দল মামলার ওপর কোনো প্রভাব বিস্তার করতে না পারে।
উল্লেখ্য, চলতি বছরের মাঝামাঝি অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে জয়ললিতার দল তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে ৩৭টি আসন লাভ করে।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





