প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ছাড়িয়েছে। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (০৯ আগস্ট) রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯৫ লাখ ১১ হাজার ৫৯৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ২৫ হাজার ১ জনের। আর এ পর্যন্ত সেড়ে উঠেছে ১ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৩৬৭ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (০৯ আগস্ট) রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৭৫১ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪২১ জনের।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু- উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৯ লাখ ৬২ হাজার ৪৪২ জন এবং মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৫৭২ জনের।
মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ছয় নম্বরে। মেক্সিকোতে আজ (০৯ আগস্ট) রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৯০২ জন এবং মৃত্যু হয়েছে ৫২ হাজার ৬ জনের।
ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে চতুর্থ স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১২তম। আজ (০৯ আগস্ট) রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৪৬১ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৬৫১ জনের।
বিশ্বে আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পঞ্চম স্থানে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৮৮ হাজার ৬১১ জন এবং মৃত্যু হয়েছে ৪২ হাজার ৫১৮ জনের।
এদিকে, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন তিন হাজার ৩৬৫ জন। একইদিনে আরও ২ হাজার ৬১১ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫৫ হাজার ১১৩ জনে।
শনিবার (০৮ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।
এমবি





