ইরাকে আইএসবিরোধী (ইসলামিক স্টেট) অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত সাত শতাধিক কুর্দি যোদ্ধা নিহত হয়েছেন। বুধবার কুর্দিদের সামরিক শাখার (যা পেশমারেগা নামে পরিচিত) পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জুন মাসে শুরু হওয়া সংঘর্ষে তাদের সাড়ে তিন হাজারের বেশি যোদ্ধা আহত হয়েছেন। ইরাক ও সিরিয়ার বিস্তৃত এলাকা দখলের পর আইএস যোদ্ধারা কুর্দিদের জন্য একটি হুমকি হয়ে দাঁড়ায়। এরপর ইরাকি সেনাদের সঙ্গে আইএস দমনে কুর্দি যোদ্ধাও অস্ত্র হাতে তুলে নেয়।

এ বিবৃতির একদিন আগেই কুর্দিদের এক শীর্ষ নেতা ইরাকের শিয়াপ্রধান সরকারের প্রতি আঞ্চলিক সম্প্রদায়গুলোর ওপর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, চলমান সংঘাত এড়ানোর ক্ষেত্রে এটিই একমাত্র উপায় হতে পারে।

আঞ্চলিক কুর্দি প্রশাসনের উপ-প্রধানমন্ত্রী কুবাদ তালাবনি নামের ওই শীর্ষ নেতা বার্তা সংস্থা এপিকে বলেন, ইরাকের সুন্নিরা তাদের অধ্যুষিত অঞ্চল নিজেরাই শাসন করতে পারে। দেশটির বিরাট সুন্নি সম্প্রদায়কে রাজনৈতিক স্বায়ত্তশাসন দিলে তারা আইএসে যোগ দেবে না। এতে ‘সন্ত্রাসী’দের পরাজিত করা সহজ হবে বলে মনে করেন তিনি।

তালাবনি এমন সময় ওই বিবৃতি দেন যখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বাগদাদ সফর করেন। সূত্র : আলজাজিরা।

জেআই