আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন হামবার্তো স্থানীয় সময় গত বুধবার বিকেলে ৩ মাত্রার ভয়াবহ ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বারমুডা দ্বীপে আছড়ে পড়েছে।

এতে দ্বীপটিতে তীব্র ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টিপাত হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন (এনএইচসি) কেন্দ্র স্থানীয় সময় বুধবার বিকেল ৫টার হালনাগাদ তথ্যে এসব জানিয়েছে।

মায়ামিভিত্তিক এনএইচসি জানিয়েছে, হামবার্তো ভয়াবহ হারিকেনরূপে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্থায়ী হতে পারে। সংবাদ মাধ্যম সিএনএন এসব তথ্য জানিয়েছে।

এনএইচসি আরো জানিয়েছে, দ্বীপের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হারিকেনের প্রভাবে আজ বৃহস্পতিবার তীব্র জলোচ্ছাসের আশঙ্কা রয়েছে। স্থানীয় সময় বুধবার মহাসাগরে ৩০ ফুটের বেশি উচ্চতার ঢেউ উঠেছে বলে কেন্দ্রটি জানিয়েছে।

পাশাপাশি এনএইচসি জানিয়েছে, আগামী অন্তত দুদিন বাহামার উত্তর-পূর্বাঞ্চল এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূল অর্থাৎ ফ্লোরিডা অঙ্গরাজ্যের পূর্ব-মধ্যাঞ্চল থেকে উত্তর ক্যালিফোর্নিয়া অঞ্চলে লাগাতার আছড়ে পড়বে মহাসাগরের তীব্র ঢেউ।

এই ঢেউ প্রাণহানিকর ও জলোচ্ছ্বাস সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেছে হারিকেন কেন্দ্রটি।

এদিকে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট দুটি উষ্ণমণ্ডলীয় ঢেউ পর্যবেক্ষণ করছে এনএইচসি।

এএস