জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাওয়া শান্তিরক্ষীদের মধ্যে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শান্তিরক্ষীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

শান্তিরক্ষীদের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নেওয়া হলো। এই বিধান রেখে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য এই প্রস্তাব সমর্থন করেছে।এ প্রস্তাবে বিরত ছিল মিশর।

গত বছর ১০টি মিশনের শান্তিরক্ষীদের বিরুদ্ধে শিশু ধর্ষণ ও অন্যান্য যৌন নিপীড়নের ৬৯টি অভিযোগ পাওয়া যায়। এর আগের বছর, অর্থাৎ, ২০১৪ সালে এমন অভিযোগের সংখ্যা ছিল ৫২ টি। অভিযোগ ওঠা শান্তিরক্ষীদের তালিকায় রয়েছে সামরিক সদস্য, পুলিশ, অন্যান্য কর্মী ও স্বেচ্ছাসেবক।

সাম্প্রতিক সময়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ তুলে, জাতিসংঘের এক শান্তিরক্ষী ১২ বছরের এক শিশুকে ধর্ষণ করেন। একটি স্বাধীন তদন্ত দলের তদন্তে বেরিয়ে আসে, শান্তিরক্ষী কর্তৃক শিশু ধর্ষণের ঘটনাগুলোতে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা একটি বড় বিষয়। জাতিসংঘ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। এমন সমালোচনার মুখে ব্যবস্থা নিতে সক্রিয় হয়ে উঠেছে জাতিসংঘ।

এমআইএস।