জাপানের কিয়োটো শহরের একটি অ্যানিমেশন স্টুডিও’তে সন্দেহজনক অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৪ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলেছে, বৃহস্পতিবার (১৮ জুালাই) সকালে এক ব্যক্তি আকস্মিকভাবে কিয়োটো অ্যানিমেশন কোম্পানির স্টুডিও’তে প্রবেশ করে। ওই ব্যক্তির বয়স ৪১ বছর। সে স্টুডিও’তে পেট্রোল ছিটিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।

এনএইচ’কে টেলিভিশন বলছে, এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছে।

এদিকে, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে তিন তলাবিশিষ্ট ভবনে আগুন দেখা দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি ছুরি উদ্ধার করেছে। তবে সন্দেহজনক ওই ব্যক্তির সঙ্গে স্টুডিও কোম্পানির কি সম্পর্ক তা জানা যায় নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুন লাগার পর পরই ভবনটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর পুরো ভবন দাউ দাউ করে জ্বলতে থাকে। তবে অগ্নিকাণ্ডের পেছনে কী কারণ থাকতে পারে সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় নি।

এমবি