চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জঙ্গি সংগঠন বোকো হারাম নাইজেরিয়ার দাপচি শহরের এক আবাসিক স্কুলে হামলা চালিয়ে ১১০ ছাত্রীকে অপহরণ করে।
যাদের মধ্য থেকে মোট ১০১ জন ছাত্রীকে ফেরত দিয়েছে বলে জানায় দেশটির সংবাদ মাধ্যম।
এলাকাবাসী জানায়, ইয়োবে প্রদেশের উত্তর-পূর্বে অবস্থিত দাপচির গভর্নমেন্ট গার্লস সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে অপহৃত ১০১ ছাত্রীর বেশিরভাগকেই বুধবার স্থানীয় সময় সকালে একটি গাড়িতে করে শহরে নামিয়ে দিয়ে যাওয়া হয়। তারা ছিল প্রচণ্ড ক্লান্ত ও বিধ্বস্ত।
জঙ্গিরা মেয়েদের নামানো শেষ হবার সঙ্গে সঙ্গেই চলে যায়। অপহৃতদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। তবে মেয়েদের ফিরিয়ে দেয়ার পেছনে কী কারণ থাকতে পারে তা এখনও জানা যায়নি।
ফিরে আসা ছাত্রীরা জানায় কেবল মুসলমান হওয়ার কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৪-৫ জন অন্য ধর্মের ছিল বিধায় তাদেরকে আটকে রেখেছে।
স্কুলছাত্রীদের ফিরে আসার খবর ইয়োবে প্রদেশের পুলিশ প্রধান আবদুল মালিকি সুনমোনু নিশ্চিত না করলেও বিষয়টি শোনার কথা জানান তিনি।
তবে দাপচির কাছে অবস্থিত চেকপয়েন্টের এক সেনা কর্মকর্তা জানান, বোকো হারাম মেয়েদের ফিরিয়ে দিয়ে গেছে।
জেড





