গ্রিসের ঋণ সঙ্কট সমাধানে আন্তর্জাতিক দাতাদের প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ-লক্ষ গ্রিক ভোটাররা এখন ভোটদানের জন্য ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছেন।
স্থানীয় সময় সকাল সাতটায় (জিএমটি ০৪:০০) ভোটগ্রহণ শুরু হয় এবং রোববারের মধ্যেই ভোটের ফলাফল জানা যাবে।
'হ্যাঁ' এবং 'না' ভোটের প্রচারণাকারী উভয়পক্ষই বড়ো ধরনের সমাবেশের মধ্য দিয়ে শুক্রবার তাদের প্রচারণা শেষ করেছে।
গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস না ভোটের পক্ষে। তবে তার বিরোধীদের আশঙ্কা ঋণদাতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে দেশটিকে ইউরোজোন থেকে বেরিয়ে যেতে হতে পারে।
গ্রিস থেকে বাংলাদেশী কম্যুনিটির একজন নেতা ড. জয়নুল আবেদিন জানান, আপাত দৃষ্টিতে হ্যাঁ এবং না উভয়পক্ষেই সমপরিমাণ সমর্থন রয়েছে।
তবে তিনি বলেন, সেখানকার ব্যাংকগুলো এখন বন্ধ রয়েছে এবং আর্থিক অনিশ্চয়তার কথা বিবেচনা করে অনেকে 'হ্যাঁ' ভোটের দিকে ঝুঁকে পড়ছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ইউরোপিয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) সাথে গ্রিসের বর্তমান অর্থনৈতিক উদ্ধার কর্মসূচির মেয়াদ গত মঙ্গলবার শেষ হয়ে যায়। সূত্র: বিবিসি
এআর





