কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে 'চোর' বলে কটাক্ষ করেছেন মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায়। একইসাথে তিনি কংগ্রেসকে 'চোরের দল' বলেও মন্তব্য করেছেন।
শুক্রবার বর্ধমানের পানাগড়ে এক নির্বাচনী জনসভায় এ কটাক্ষ করেছেন মুকুল রায়। হুগলির তারকেশ্বরে মমতাও অবশ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে ফের 'চিদুদা' সম্বোধন করে ব্যঙ্গ করেছেন।
সারদা কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তের বিরোধিতাতেও ফের গলা চড়িয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের আবার দাবি, 'সিবিআই তদন্ত হলেই সব বেরিয়ে আসবে৷' আর কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্য, 'সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্ত হলে মমতার পাশে আর কেউই থাকবেন না৷ তৃণমূলের অর্ধেক নেতাকেই জেলে যেতে হবে৷'
গত বছর এপ্রিলে সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর গত এক বছরে সারদা এবং অন্যান্য অর্থলগ্নি সংস্থার বেশ কয়েক জন এজেন্ট এবং আমানতকারী আত্মহননের পথ বেছে নিয়েছেন৷ ভোট-পর্বের মধ্যে ফের এক আমানতকারীর মৃত্যু শাসকদলের অস্বস্তিই বাড়িয়েছে৷ এ দিনই আবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে সল্টলেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গোয়েন্দারা দীর্ঘক্ষণ জেরা করেন৷ তিনি সারদা গোষ্ঠীর একটি চ্যানেলের এক্সিকিউটিভ এডিটর ছিলেন৷ যদিও সেই চ্যানেলটি কোনও দিনই চালু হয়নি৷
এমন অস্বস্তিকর অবস্থার মোকাবিলায় পাল্টা তোপের রাস্তায় গিয়ে পানাগড়ে মুকুলের মন্তব্য, 'সোনিয়া-রাহুলের নেতৃত্বে কংগ্রেস আসলে একটা চোরের দল৷ তারা স্বর্গ, মর্ত্য, পাতাল জুড়ে আকন্ঠ দুর্নীতি করেছে৷'
গত মঙ্গলবারই রায়গঞ্জ এবং মুর্শিদাবাদের সুতিতে দলের সভায় সারদা-কেলেঙ্কারি নিয়ে মমতার সরকারকে একহাত নিয়েছিলেন সনিয়া৷ তার বক্তব্য ছিল, রাজ্য সরকারের মদদেই সারদার মতো সংস্থাগুলি ১৮ লক্ষ গরিব মানুষের টাকা লুঠ করেছে৷ এর পর থেকেই কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল সুর চড়িয়েছে৷ তবে এ দিন সনিয়ার প্রতি মুকুলের আক্রমণ অতীতের সব নজির ছাড়িয়ে গিয়েছে৷ মুকুল বলেন, 'বেশ কিছু দিন ধরে সনিয়া-রাহুল-বুদ্ধদেবরা বলে বেড়াচ্ছেন, মুকুল রায়-সহ তৃণমূল নেতারা সারদার টাকা চুরি করেছেন৷ কোনও তদন্তে যদি এই অভিযোগ প্রমাণিত হয় তবে তৃণমূলই রাজনীতি থেকে সরে দাঁড়াবে।' সূত্র: এই সময়
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]
আন্তর্জাতিক
সোনিয়া গান্ধীকে 'চোর' বললেন তৃণমূল কংগ্রেস নেতা
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে 'চোর' বলে কটাক্ষ করেছেন মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায়। একইসাথে তিনি কংগ্রেসকে 'চোরের দল' বলেও মন্তব্য করেছেন।





