ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) জঙ্গি সম্পৃক্ততা সন্দেহে গত বছরের ডিসেম্বরে সিরিয়া যুদ্ধে নিহত বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ জিহাদী ইফতেখার জামানের বাবা-মাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাজধানী লন্ডন থেকে ৭৫ মাইল দূরবর্তী শহর পোর্টসমাউথের হাডসন রোডের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ইফতেখার জামানের বাবা ইনু মিয়া (৫৭), মা হেনা চৌধুরী (৪৮), দুইভাই তুহিন (২৬) ও মুস্তাকিম (২৩)।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া বাকি দুইজন নারী। এরমধ্যে একজন ইফতেখারের বড়বোন ২৯ বছর বয়সী তামান্না শাহরিনও রযেছেন।

তামান্নাকে সাউথ ইষ্ট লন্ডনের ব্লাকহিথ থেকে গ্রেফতার করে পুলিশ। ১১ মাসের শিশু সন্তান, ফার্মাসিষ্ট স্বামী ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে ব্লাকহিথেই বসবাস করেন তামান্না।

২৩ বছর বয়সী আরেক নারীকে হ্যামশায়ারের ফার্নবারা থেকে গ্রেফতার করা হয়।

ইফতেখারের বাবা ইনু মিয়া ও মা হেনাকে বুধবার জামিনে ছেড়ে দেওয়া হলেও  তার দুইভাই তুহিন, মুস্তাকিম ও বোন তামান্না এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছেন।

ব্রিটিশ পুলিশ জানায়, ইফতেখারের বোন তামান্না শাহরিনকে সন্দেহজনক সন্ত্রাসী পরিকল্পনা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইফতেখারের বাবা ইনু মিয়াকে টেরোরিজম অ্যাক্ট ২০০০ এর ধারা ৩৮বি, টেরোরিজম অ্যাক্ট ২০০৬ এর ধারা-৫১এ এবং টেরোরিজম অ্যাক্ট ২০০০ এর ১৭ ধারায় গ্রেফতার করা হয়েছে।

সন্ত্রাস বিষয়ক তথ্য গোপন, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনায় সম্পৃক্ততা এবং সন্ত্রাসী পরিকল্পনায় অর্থ ও স্থান যোগানদাতা হিসেবে ইনু মিয়াকে সন্দেহ করছে ব্রিটিশ গোয়েন্দারা।

এএইচ