পুলিশ আসামের এক গুরুর আশ্রমে অভিযান চালিয়ে বুধবার ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অপর একজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশের মহাপরিচালক এসএন বশিষ্ট সাংবাদিকদের জানান, রামপাল নামক ওই গুরুর আশ্রমের কম্পাউন্ডে চার নারীর মৃতদেহ পাওয়া গেছে। তবে তারা কীভাবে মারা গেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি।
তিনি আরো জানান, হৃদরোগে আক্রান্ত এক মহিলাকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
বশিষ্ট বলেন, ‘মৃতদেহগুলোকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মৃত্যুর কারণ অনুসন্ধনে মৃতদেহগুলোর ময়নাতদন্ত হচ্ছে।’
বুধবার পুলিশ ৬৩ বছর বয়সী গুরুর খোঁজে ব্যাপক অভিযান শুরু করে। তিনি এখনো ওই আশ্রমের ভেতরেই আছেন বলে ধারণা করা হচ্ছে। আশ্রমের কম্পাউন্ডটি ৪.৮ হেক্টর (১২ একর) এলাকা জুড়ে বিস্তৃত। খবর এএফপি’র।
ওই গুরুর বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি অভিযোগে একটি আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেয়ার পর মঙ্গলবার পুলিশ আসামে অভিযান চালায়। শহরটিতে ওই গুরুর কয়েকশ সমর্থক রয়েছে।
অভিযানের সময় গুরুর সমর্থকরা পুলিশকে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ইট-পাটকেল, প্যাট্রোল বোমা ও অন্যান্য অস্ত্রে সজ্জিত গুরুর সমর্থকদের লক্ষ্য করে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং তাদের ওপর লাঠিচার্জ করে।
হত্যার ষড়যন্ত্র ও আদালত অবমাননাসহ বেশ কয়েকটি অভিযোগের জবাব দিতে আদালতে হাজির হওয়ার কয়েকটি আদেশ অমান্য করায় পুলিশ রামপালকে গ্রেফতারে অভিযান চালায়।
এমএ





