মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ে ডেমোক্রেট দলে এগিয়ে রয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্টের মর্যাদায় প্রতিষ্ঠিত হবেন তিনি।

তার আগেই হিলারি ঘোষণা দিয়েছেন, তার মন্ত্রিসভায় অর্ধেক থাকবেন নারী।

সোমবার রাতে এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখার সময় একথা জানান তিনি।

হিলারি বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমি যে মন্ত্রিসভা গঠন করব, সেখানে ৫০ ভাগই হবেন নারী সদস্য।’

মঙ্গলবার দেশটির পূর্ব উপকূলীয় ৫টি অঙ্গরাজ্য মেরিল্যান্ড, ডেলাওয়্যার, পেনসিলভানিয়া, কানেকটিকাট ও রোদহে দ্বীপে প্রাইমারির আগে তিনি একথা জানিয়েছেন।

প্রার্থিতা বাছাইয়ে ডেমোক্রেট দলের হয়ে লড়ছেন হিলারি। এতে তারই জয়ের সম্ভবনা বেশি।

নিজের আগামী মন্ত্রিসভা সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমি আমার জনজীবনের অনেকটা সময় নারী অধিকার ও মানবাধিকারের পেছনে ব্যয় করেছি। কিন্তু আমি মনে করি, এ ক্ষেত্রে আমাদের আরও অনেক অগ্রগতি বাকি আছে।’

শেষ চেষ্টায় হোয়াইট হাউস প্রতিযোগিতার দৌড়ে উঠেপড়ে লেগেছেন ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স।

মঙ্গলবার মার্কিন নির্বাচনে পাঁচটি রাজ্যের ককাস ও প্রাইমারি নির্বাচন হতে পারে স্যান্ডার্সের জন্য শেষ প্রচেষ্টা। খবর নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের।

গত সপ্তাহের নিউইয়র্ক নির্বাচনের পর হিলারি ক্লিনটন থেকে প্রায় ২০০ ডেলিগেটে পিছিয়ে পড়েন স্যান্ডার্স। এতেই মুখ থুবড়ে পড়েন তিনি। সমালোচনা শুরু হয় স্যান্ডার্সের নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে।

এমআইএস