সৌদি আরবে আজ বুধবার থেকে দিনের মধ্যভাগে শ্রমিককে দিয়ে কাজ করানো নিষিদ্ধ হচ্ছে। সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ বিভাগ গতকাল মঙ্গলবার ঘোষণা দিয়েছে, প্রখর সূর্যের তাপের কারণে দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শ্রমিকদের দিয়ে কাজ করানো যাবে না।
এ নির্দেশ আজ থেকে শুরু হয়ে চলবে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ফাহদ আল ওবাইদি এ কথা নিশ্চিত করেছেন। তিনি সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে বলেছেন, তেল ও গ্যাসক্ষেত্রসহ জরুরি ব্যবস্থাপনা বিভাগে যারা কর্মরত তারা এ নির্দেশের বাইরে থাকবেন।
তবে তাদেরকে সূর্যের তাপ থেকে রক্ষায় অবশ্যই পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া সৌদি আরবের যেসব এলাকায় তাপমাত্রা কম সেখানেও এ নির্দেশ কার্যকর হবে না। তিনি বলেন, মন্ত্রণালয় বেসরকারি খাতে যারা কর্মরত তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
তাদের জন্য তারা নিরাপদ কর্মপরিবেশও নিশ্চিত করতে চান। নির্দেশ কার্যকর হচ্ছে কি-না তা নিশ্চিত হতে তারা বিভিন্ন অঞ্চলের গভর্নরদের সঙ্গে সমন্বয় রেখে চলছেন। এ বিষয়ে রিপোর্ট ১৯৯১১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন।
এমআর





