পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ (১২-১৭ রবিউল আওয়াল) উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, মুসলিম বিশ্বের মধ্যকার ঐক্য ও সহানুভূতি এবং ইসলামি উম্মাহর সম্মান ও মর্যাদা এখন দেশি-বিদেশি নানা চক্রান্তের কবলে নিমজ্জিত।

আজ (শুক্রবার)বিকাল ৪ টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ‘মুসলিম উম্মাহর বর্তমান সমস্যাসমূহ ও ইসলামি ঐক্য’শীর্ষক আলোচনা সভায় একথা বলা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মারুফ -এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজী দেহনাভী। ইরানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ হুজ্জাতুল ইসলাম ড. সাইয়্যেদ জাওয়াদ মাজলুমী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ. কে. এম. বদরুদ্দোজা।

সভায় বক্তরা বলেন, মুসলিম উম্মাহ এমন এক সময় রহমতের নবী ও ঐক্যের প্রতীক মহানবী (সা.)-এর জন্মবার্ষিকী পালন করছে যখন তারা সবচেয়ে জটিল ও কঠিন সময় অতিবাহিত করছে। মুসলিম বিশ্বের মধ্যকার ঐক্য ও সহানুভূতি এবং ইসলামি উম্মাহর সম্মান ও মর্যাদা এখন দেশি-বিদেশি নানা চক্রান্তের কবলে নিমজ্জিত।

বর্তমান সময়ে মুসলিম উম্মাহ যখন তাদের পরিচয় ও ভাগ্য সম্পর্কে আরো সচেতন ও জাগ্রত হচ্ছে তখন ইসলামের শত্রুরা গোপনে ও প্রকাশ্যে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেয়ার পাশাপাশি ইসলামি উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি করে ইসলামের দুর্বলতা তুলে ধরার নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু মহান আল্লাহর অসীম কৃপায় ও ইসলামি উম্মাহর সচেতনতা ও প্রতিরোধের ফলশ্রুতিতে শত্রুরা অনেক ক্ষেত্রে তাদের নিজেদের প্রতারণা ও ষড়যন্ত্রের ফাঁদে নিজেরাই আটকা পড়ছে।

বক্তারা আরও বলেন, ইসলামের শত্রুও তাদের অনুসারীদের মাধ্যমে সৃষ্ট সংকট সম্পর্কে সচেতনতাই মুসলিম উম্মাহকে শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে অতীতের চেয়ে আরও বেশি সতর্ক থাকতে সহায়তা করবে। তবে মুসলমানদেরকে ইসলামি ঐক্যের প্রকৃত বন্ধু ও শত্রুসম্পর্কে খুব ভালোভাবে অবহিত হওয়ার ক্ষেত্রে আরও বিচক্ষণ ও দূরদর্শী হতে হবে।

আলোচনা সভায় নাত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী সালাউদ্দিন আহমেদ ও তার ৫ সহযোগী।

এমবি