জুন মাসে ইরাকজুড়ে সহিংসতায় নিহত হয়েছে অন্তত দুই হাজার ৪০০ জন। নিহতদের অধিকাংশই সাধারণ বেসামরিক নাগরিক। দেশটির উত্তরাঞ্চলে সুন্নী বিদ্রোহীরা নতুন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে লড়াই শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে। সংঘাত এখনও অব্যাহত আছে। মঙ্গলবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর ডনের।
সুন্নী বিদ্রোহীদের সংগঠন ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্যা লেভান্ত (আইএসআইএল)-এর যোদ্ধারা গত তিন সপ্তাহে উত্তরাঞ্চলীয় অনেকগুলো শহর দখল করে নিয়েছে। এর মধ্যে উত্তরের বৃহত্তম শহর মসুলও রয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, শুধুমাত্র জুন মাসের সহিংসতায় দেশটিতে নিহত হয়েছে দুই হাজার ৪১৭ জন। আহত হয়েছে দুই হাজার ২৮৭ জন। নিহতদের মধ্যে এক হাজার ৫৩১ জনই বেসামরিক নাগরিক।
সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে বাগদাদ প্রদেশের। এখানে হতাহত বেসামরিক নাগরিকের সংখ্যা এক হাজার ৯০ জন। এরপরই রয়েছে নিনেভেহ প্রদেশ। উল্লেখ্য, নিনেভেহ প্রদেশের রাজধানী মসুল গত ১০ জুন দখল করে নেয় আইএসআইএল-এর যোদ্ধারা। সূত্র: বিবিসি
ঢাকা, ০১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





