ইরাকে এক আত্মঘাতী হামলায় অন্তত ২৭ জন শিয়া মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬০ মিলিশিয়া। সোমবার এ হামলার ঘটনা ঘটে রাজধানী বাগদাদের দক্ষিণে জার্ফ আল-সাখার শহরে। খবর রয়টার্সের।
ধারণা করা হচ্ছে আলোচিত সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে। সপ্তাহখানেক আগে আইএসের হাত থেকে শহরটি পুনরুদ্ধার করেছিল ইরাকি সেনাবাহিনী। আর শহরটি পুনরুদ্ধারে সেনাবাহিনীকে সহায়তা করেছিল শিয়া মিলিশিয়ারা। এ কারণেই তাদের ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, একজন আক্রমণকারী হামভি গাড়িতে করে এসে আত্মঘাতী হামলা চালায়। গাড়িটি বিস্ফোকর ভর্তি ছিল। গাড়িটি ইরাকি সেনাবাহিনীর। এর আগের কোন যুদ্ধে আইএস সেনাবাহিনীর কাছ থেকে গাড়িটি দখল নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, জার্ফ আল-সাখার শহরটি ইরাকি সেনাবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, এটি আইএসের দখলে গেলে বাগদাদের পথে আর কোন বাধা থাকবে না। তাই, আইএস শহরটি পুনর্দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। সূত্র: রয়টার্স
এসএমএ





