ইয়েমেনের দক্ষিণপূর্বাঞ্চলের একটি জমির মালিকানাকে কেন্দ্র করে দুটি উপজাতী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।

বুধবার উপজাতীয় সূত্রগুলো জানায়, পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের আল-বুতাহিফ ও পাশের শাবওয়া প্রদেশের বেলহারেত গোষ্ঠীর মধ্যে মঙ্গলবার শুরু হওয়া এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।

প্রদেশ দুটির মধ্যবর্তী স্থানে অবস্থিত মরু এলাকার ওই জমিটির মালিকানা নিয়ে গোষ্ঠী দুটি পরস্পরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। ওই জমিটি তেল সমৃদ্ধ বলে তাদের ধারণা।

ভয়াবহ এ সংঘর্ষে আল-বুতাহিফের ৬ ও বেলহারেতের ৯ সদস্য প্রাণ হারিয়েছে। সংঘর্ষে উভয়পক্ষ হালকা ও মাঝারি ধরনের অস্ত্র ব্যবহার করে।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ