স্ত্রী সুনন্দা পুস্কর হত্যা মামলায় ভারতের সাবেক মন্ত্রী ও কংগ্রেস নেতা শশী থারুর চলতি সপ্তাহে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন।
আজ সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার দুপুরে কেরালা থেকে নয়া দিল্লিতে এসেছেন শশী থারুর। দিল্লি পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।
গতকাল ইন্ধিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ দিল্লির বাসভবনে চলে যান শশী থারুর। এখন তিনি সেখানেই অবস্থান করছেন। তার বাসভবনের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, পুস্কর হত্যা মামলায় শশী থারুর, অপর এক রাজনীতিবিদ ও পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে চলতি সপ্তাহের যেকোনো সময় জিজ্ঞাসাবাদ করতে পারে দিল্লি পুলিশ।
পুস্কর হত্যা মামলায় পুলিশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন শশী থারুর। গত শুক্রবার কেরালার ত্রিশুর শহরে এক সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন তিনি।
গত বছরের ১৭ জানুয়ারি দিল্লির একটি হোটেলে পুস্করের লাশ পাওয়া যায়।
পুষ্করের মৃত্যু স্বাভাবিক নয় বলে গত মঙ্গলবার জানান দিল্লির পুলিশ কমিশনার বি এস বাসসি। তীব্র বিষক্রিয়াই তাঁর মৃত্যুর কারণ বলে ডাক্তারি অনুমান। সেই বিষ জোর করে তাঁকে খাওয়ানো হয়েছিল, নাকি ইনজেকশন হিসেবে দেওয়া হয়েছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে দিল্লি পুলিশ।
পুস্করের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্তে দিল্লি পুলিশ গত বুধবার এক বিশেষ তদন্ত দল গঠন করেছে। গত মঙ্গলবারই দিল্লি পুলিশ এ বিষয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করে।
ইআর





