আফ্রিকার দেশ বারকানিফোসেতে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছে। বিক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ভবন এবং ক্ষমতাসীন দলের প্রধান কার্যালয়ে আগুন দিয়েছে। খবর বিবিসি'র।

দেশটির প্রেসিডেন্ট ব্লেইস কোমপাওরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সংবিধান সংশোধন করার পরিকল্পনা নেয়া হলে এ বিক্ষোভ শুরু হয়। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা ব্লেইস ২৭ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। এর মধ্যে বেশ কয়েকবার একতরফা নির্বাচনে তিনি 'নির্বাচিত' হয়েছেন। আগামী বছরে অনুষ্ঠিতব্য নির্বাচনে আবারো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরির জন্য এবার সংশোধনের পরিকল্পনা নেয়া হয়।

কিন্তু সংবিধান সংশোধনের এ পরিকল্পনায় ক্ষুব্ধ হয়ে উঠেন দেশটির সাধারণ জনগণ। বারকিনাফাসো থেকে বিবিসি'র সংবাদদাতা লেইলা আদজুভি জানান, পার্লামেন্ট ভবন ও প্রেসিডেন্ট ব্লেইসের প্রধান কার্যালয় ছাড়াও সিটি হলেও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

এর আগে বিক্ষুব্ধ জনতার ওপর গুলি বর্ষণ করে সেনাবাহিনী। কিন্তু জনগণ এতে আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। উল্লেখ্য, ১৯৮৭ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন ব্লেইস কোমপাওরে।

এসএমএ