ইরানের সমুদ্র সীমানা অতিক্রম করে অনুপ্রবেশের অভিযোগে একটি মার্কিন জাহাজকে জব্দ করেছে ইরানের নৌবাহিনী। জাহাজটিকে ইরানের বন্দর আব্বাসের দিকে নেওয়া হয়েছে।
মঙ্গলবার সৌদি আরবের আল আরাবিয়া টেলিভিশন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এই খবরের সত্যতা স্বীকার করেছে।
পেন্টাগনের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, হরমুজ চ্যানেল দিয়ে যাচ্ছিল মার্কিন জাহাজ এমভি মায়ের্সক টাইগ্রিস। কিন্তু গাল্ফে টহলরত ইরানী বাহিনী গুলি চালিয়ে জাহাজটিকে ইরানী জলসীমায় নিয়ে যেতে বাধ্য করে।
আল আরাবিয়া জানিয়েছে, জাহাজটিতে ৩৪ মার্কিন নাবিক ছিলেন। তবে পেন্টাগনের ওই মুখপাত্র এই দাবি অস্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগন মুখপাত্র বলেছেন, জাহাজে কোনো মার্কিন নাগরিকই ছিল না।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরান সরকারের কোনো প্রতিক্রিয়া জানাতে পারেনি রয়টার্স।
এমকে





