বাবা রামদেবের এক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস। হিন্দু ধর্মীয় গুরু রামদেব শুক্রবার লখনৌয়ে এক সমাবেশে বলেন, রাহুল গান্ধী দলিত সম্প্রদায়ের বাড়িতে হানিমুন আর পিকনিক করতে যান। রামদেবের এ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাকে ক্ষমা চাইতে বলেছে কংগ্রেস। শনিবার এ খবর জানিয়েছে এনডিটিভি।
রামদেবের এই মন্তব্যকে 'দলিত-বিরোধী' বলে অবহিত করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয়া সিং। তিনি একইসাথে মন্তব্যের জন্য রামদেবকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
রামদেবের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন স্বয়ং দলিত সম্প্রদায়ের লোকজনও। একদল দলিত কর্মী 'ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্টস' ও 'ন্যাশনাল কমিশন ফর উইমেন'-এ অভিযোগ দায়ের করেছেন।
প্রসঙ্গত, লখনৌয়ের সমাবেশে বাবা রামদেব নিজেকে নরেন্দ্র মোদীর একজন সমর্থক বলে ঘোষণা করেন।
লখনৌয়ের সমাবেশে রামদেব বলেন, "রাহুল দলিত সম্প্রদায়ের ঘরে যায় মূলত 'হানিমুন ও পিকনিক' করতে।"
তিনি আরো বলেন, "তার (রাহুলের) মা অর্থ্যাৎ সোনিয়া গান্ধী তাকে (রাহুলকে) বলেছে যে, বিদেশি মেয়ে বিয়ে করা যাবে না। কেননা, বিদেশি মেয়ে বিয়ে করলে প্রধানমন্ত্রী হওয়া যাবে না। আর রাহুল কোন ভারতীয় মেয়েকে বিয়ে করতে চান না। তার মা চাচ্ছেন রাহুল আগে প্রধানমন্ত্রী হোক, এরপর বিদেশি কোন মেয়েকে ঘরের বউ করে আনুক।"
যোগগুরু রামদেব অবশ্য পরে বলেছেন, তার মন্তব্যে যদি দলিত সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লেগে থাকে, তাহলে তিনি তার মন্তব্য প্রত্যাহার করে নিতে রাজি আছেন। এ ছাড়া, তিনি ইয়ুগা ক্যাম্পের আড়ালে বিজেপি'র হয়ে ক্যাম্পেইন করছেন বলে কংগ্রেস যে অভিযোগ করেছে তা অস্বীকার করেছেন। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]