থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভকারীরা আজ মঙ্গলবার দেশটির রাজধানী ব্যাংককের আর্মি ক্লাব কম্পাউন্ড ঘিরে রেখেছে। তবে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
আর্মি ক্লাব কম্পাউন্ডে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা তার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত প্রায় ৫০০ বিক্ষোভকারীকে ওই স্থান থেকে সরে আসতে বলেছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ আরো বলেছে,  বিক্ষোভকারীরা ব্যাংককের যেসব স্থানে বিক্ষোভ করেছে সেসব স্থান থেকে সরে না আসলে বৃহস্পতিবারের মধ্যে তাদের গ্রেফতার করা হবে।
এদিকে, বিক্ষোভকারী এক নেতা পুটিপং পুন্নাকুন বলেছেন, ‘জনগণ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চায়। কারণ, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, তিনি জনগণের প্রধানমন্ত্রী...। আমরা চাই তিনি আমাদের কথায় গুরুত্ব দেক।’
দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত সপ্তাহে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর গত কয়েক মাসে নিহত হয়েছে ১০ জন।
ঢাকা, ২৮ জানুয়ারি(টাইমনিউজবিডি)// টিআই