ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ঠেকাতে গ্রামের স্থানীয় বাসিন্দাদের অস্ত্র দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে ইরাকের সেনাবাহিনী।  

গতকাল (০৯ মে) বৃহস্পতিবার দেয়া এই ঘোষণা অনুযায়ী, মসুল শহরের কাছেই অবস্থিত ৫০টি গ্রামে অস্ত্র দেয়া হবে। আইএস সন্ত্রাসীদের থেকে আত্মরক্ষার্থে এই অস্ত্র দেয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এই খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

খবরে বলা হয়, এই ঘোষণার পূর্বে স্থানীয় আদিবাসীদের প্রধানদের সঙ্গে আলোচনা করেছেন সেনা কর্মকর্তারা। এখানে ঘন ঘন আইএসের আক্রমণ ঠেকাতে তাই তাদের হাতে অস্ত্র তুলে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার মসুলের কাছে আইএসের হামলায় একই পরিবারের ৫ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে আছেন ওই জেলার গভর্নর ও তার পরিবারের সদস্যরা।

২০১৭ সালে ইরাকে আইএসের সর্বশেষ ঘাটি ধ্বংস করা হয়। তবে এখনো স্থানীয়দের মধ্যে লুকিয়ে আছে জঙ্গিগোষ্ঠীটির অবশিষ্ট সন্ত্রাসীরা। ফলে প্রায়ই আইএসের হামলার ঘটনা ঘটছে মসুল ও তার আশেপাশে।

এমবি