হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময়ে ব্রিটিশ পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে স্কট করতে শুরু করেছে মার্কিন যুদ্ধজাহাজ।

গত সপ্তাহে পারস্য উপসাগরে মার্শাল দ্বীপের পতাকাবাহী একটি জাহাজকে ইরান আটক করার পর এ পদক্ষেপ নেয়া হয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর।

পেন্টাগনের মুখপাত্র সেনা কর্নেল স্টিভ ওয়ারেন বলেছেন, ওয়াশিংটন-লন্ডন আলোচনার ভিত্তিতে কৌশলগত এ পথে যাওয়ার সময় একটি ব্রিটিশ জাহাজকে এরই মধ্যে স্কট করেছে মার্কিন নৌবাহিনী।

কর্নেল ওয়ারেন বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময়ে ব্রিটিশ পতাকাবাহী জাহাজগুলোতে স্কট করা সম্ভব কিনা তা লন্ডন জানতে চেয়েছিল। অবশ্য, পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, এটি সাময়িক ব্যবস্থা এবং সব জাহাজকে মার্কিন নৌবাহিনী স্কট করবে না।

বৃহস্পতিবার থেকে আমেরিকার পতাকাবাহী জাহাজগুলোকে স্কট করতে শুরু করেছে মার্কিন নৌবাহিনী। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী মালবাহী এমভি মারসেক টাইগ্রিস জাহাজকে ইরানি বাহিনীর আটকের ঘটনাকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেয় মার্কিন নৌবাহিনী।

আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে জাহাজটিকে আটক করে ইরান। ইরানি উপকূল রক্ষীরা যখন গতিরোধ করে তখন এমভি জাহাজটি ইরানি পানিসীমার ভেতরই ছিল। গতিপথ পরিবর্তন করে জাহাজটিকে বন্দর আব্বাসের নিকটবর্তী লারাক দ্বীপে নিয়ে যাওয়া হয়।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আদালতের নির্দেশে ওই জাহাজকে আটক করেছে ইরানের নৌবাহিনী। রেডিও তেহরান

ইআর