ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবিয়াস বলেছেন,  তিনটি শর্ত মেনে নিলে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চূড়ান্ত পরমাণু চুক্তি হতে পারে। চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনার জন্য শনিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রথম শর্ত হিসেবে ফেবিয়াস বলেন, প্রথমত, এমন নিশ্চয়তা থাকতে হবে যে, ইরান কোনো ধরনের পরমাণু অস্ত্র বানাতে চায় না। দ্বিতীয়ত, প্রয়োজন হলে আন্তর্জাতিক পরিদর্শক দল ইরানের সামরিক স্থাপনাসহ যেকোনো স্থাপনা পরিদর্শন করতে পারবে।  তৃতীয়ত, চুক্তির পর ইরান যদি তা লঙ্ঘন করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা বহাল হবে। তিনি বলেন, এসব শর্ত এখনো সব পক্ষ মেনে নেয় নি।

অন্যদিকে ইরান বলছে, তার পরমাণু গবেষণা চলবে এবং কোনো মতেই সামরিক স্থাপনায় কাউকে পরিদর্শনের সুযোগ দেবে না। এছাড়া, চুক্তি সইয়ের পর তা বাস্তবায়ন শুরুর সঙ্গে সঙ্গেই ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

আগামী ৩০ জুনের মধ্যে ইরান ও ছয় জাতিগোষ্ঠীকে পরমাণু ইস্যুতে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে ভিয়েনায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।  আলোচনায় জন কেরি, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিন, জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমাইয়ার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবিয়াস যোগ দিয়েছেন।

জেআই