রাশিয়ার সাথে যুদ্ধের মধ্যেই পদত্যাগ করলেন ইউক্রেনের কৃষিমন্ত্রী রোমান লেশচেঙ্কো। তার এক সহযোগী সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার পদত্যাগের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউক্রেনে রাশিয়ার হামলার এক মাস পূর্তির দিনই ইউক্রেনীয় কৃষিমন্ত্রীর পদত্যাগের এ খবর সামনে এলো।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কৃষিমন্ত্রী হিসেবে লেশচেঙ্কোর স্থলাভিষিক্ত হচ্ছেন ইউক্রেনের জ্যেষ্ঠ আইনপ্রণেতা মাইকোলা সোলস্কি। তিনি মন্ত্রিত্বের প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন।
এদিকে পদত্যাগের সপ্তাহখানেক আগে এক সাক্ষাৎকারে রোমান লেশচেঙ্কো বলেছিলেন, ২০২১ সালের তুলনায় চলতি বছর ইউক্রেনের কৃষি উৎপাদন অর্ধেকে নেমে যেতে পারে। রুশ আগ্রাসনের আগে ধারণা করা হয়েছিল দেশটিতে এ বছর দেড় কোটি হেক্টর জমিতে শস্যবীজ রোপণ করা হবে, কিন্তু যুদ্ধের কারণে এখন তা ৭০ লাখ হেক্টরে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মন্ত্রী আরও জানান, ২০২২ সালে কৃষকরা মোট ৬৫ লাখ হেক্টর জমিতে শীতকালীন গমের চারা রোপণ করেছিলেন, তবে অনেক এলাকায় যুদ্ধ চলার কারণে মাত্র ৪০ লাখ হেক্টর জমির ফসল তোলা সম্ভব হতে পারে।
এবিএস





