বিশ্বের মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের ইমাম শেইখ ওয়ালিদ সিয়ামকে গ্রেফতার করেছে ইসরাইলের সেনাবাহিনী। গতরাতে একদল ইহুদিবাদী সেনা বাসভবনে হানা দিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।  

আজ (১৩ ফেব্রুয়ারি) বুধবার আল-আকসা মসজিদের পাণ্ডুলিপি বিভাগের পরিচালক রেজওয়ান আমরু বলেছেন, ইমাম শেইখ ওয়ালিদ সিয়ামের বাসা পুরোণো কুদসের খান আয-যেইত এলাকায় অবস্থিত।

ইহুদিবাদী সেনারা রাতের আধারে তার বাসায় হানা দিয়েছে। কোনো অপরাধ ছাড়াই সিয়ামকে গ্রেফতার করা হযেছে বলে তিনি জানান।

এদিকে, পশ্চিম তীরের আল-খলিল শহরের পুরোণো এলাকায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইহদিবাদীরা। ওই এলাকায় ফিলিস্তিনিদের জমি দখল করে গড়ে তোলা উপশহরের অধিবাসীরা এই হামলায় নেতৃত্ব দিয়েছে। উপশহরবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক ইসরাইলি পুলিশ মোতায়েন করা হয়েছে।  

ইসরাইলি দৈনিক হারতেজ তাদের এক প্রতিবেদনে স্বীকার করেছে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইহুদি উপশহরবাসীর হামলা-নির্যাতন আগের বছরের চেয়ে তিনগুণ বেড়েছে।

এতে বলা হয়েছে, সেখানে ২০১৮ সালে ফিলিস্তিনিদের ওপর ৪৮২ দফা হামলা হয়েছে। আগের বছর অর্থাৎ ২০১৭ সালে এই সংখ্যা ছিল ১৪০। 

এমবি