হামাসের এক নারী যোদ্ধার গুলিতে ইসরাইলি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ের এক কর্মকর্তা নিহত হয়েছে। বুধবারের এই হামলায় ওই লেফটেন্যান্ট কর্নেল ছাড়াও আরো তিন সেনা নিহত হয়েছে। ইসরাইলের 'চ্যানেল ১০' নামের একটি টেলিভিশন এ খবর জানিয়েছে।

নিহত লেফটেন্যান্ট কর্নেল দোলেভ কেদার গাজার উত্তরাঞ্চলে স্থল অভিযানের প্রধান কমান্ডার। নিহত কমান্ডার 'গেফেন' পর্যায়ের কর্মকর্তা। ইসরাইলি সেনাবাহিনীতে 'গেফেন' হচ্ছে সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা।

গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর এই প্রথম সর্বোচ্চ পর্যায়ের কোন সেনা কর্মকর্তা নিহত হলো।

চ্যানেলটি জানিয়েছে, হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের এক নারী যোদ্ধা ইসরাইলি বাহিনীতে অনুপ্রবেশ করে এ আক্রমণ চালান। ওই নারী যোদ্ধা ইসরাইলি সেনাদের পোশাক পরে একটি গ্রুপের মধ্যে ঢুকে পড়েন এবং ওই গ্রুপে থাকা লেফটেন্যান্ট কর্নেলসহ ৩ সেনাকে হত্যা করতে সমর্থ হন। আহত হয় আরো বেশ কয়েকজন সৈন্য। অবশ্য পরে তাকেও গুলি করে হত্যা করা হয়।

ইসরাইলি ওই টেলিভিশন চ্যানেলে জানানো হয়েছে, নিহত ওই সেনা কর্মকর্তা ছিলেন গাজা অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকল্পনাকারী ও বুদ্ধিমান ব্যক্তি। তিনি ছিলেন স্থল অভিযানের ব্যাটালিয়ন কমান্ডার। সূত্র: কুদসএন ওয়েবসাইট

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ