সাম্প্রতিক গাজা অভিযানে নিহত ইসরাইলি সেনার সংখ্যা নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু মিথ্যাচার করেছেন বলে জানিয়েছে আল আকসা মার্টিয়ার্স ব্রিগেড। ইসরাইলি সেনাদের হতাহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলেও জানিয়েছে ফিলিস্তিনের ফাতাহ মুভমেন্টের সামরিক এই শাখা। খবর প্রেসটিভির।
ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ বিষয়ে তার দেশের জনগণের সঙ্গে মিথ্যাচার করেছেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছে আল আকসা ব্রিগেড। নেতানিয়াহু হতাহতের প্রকৃত সংখ্যাটি ছাপিয়ে গেছেন।
উদাহরণ হিসেবে ইসরাইলি বাহিনীর এক ইঞ্জিনিয়ারিং কর্মকর্তার নিহতের বিষয়টি উল্লেখ করা হয়। সানি তোমেন ইয়ারুন নামের ইসরাইলি ওই সেনা কর্মকর্তার সামরিক নাম্বার উল্লেখ করা হয়েছে-৭৫৯৯৯৯৯। কিন্তু ইসরাইলের তৈরি করা নিহত সেনার তালিকায় তার নাম নেই।
ভিডিও বার্তাটিতে নেতানিয়াহুকে নারী, শিশু ও বৃদ্ধ লোকদের হত্যাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়; কেননা তারা যুদ্ধের সঙ্গে জড়িত নন। তাদের বাড়িঘরও ধ্বংস করে দেয়ার কোন অধিকার নেই ইসরাইলি বাহিনীর।
নেতানিয়াহুকে হুঁশিয়ারি করে ভিডিও বার্তাটিতে বলা হয়- 'আমাদের লোকজনকে (ফিলিস্তিনিদেরকে) স্বাধীনভাবে বাঁচতে না দিলে আপনিও নিরাপদ নন, এটা মনে রাখতে হবে। আমরা তোমাদের (ইসরাইলিদের) হত্যা, বোমাবর্ষণ আর ভীতিকর পরিস্থিতির শেষটি দেখে ছাড়বো।"
উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে গাজায় ইসরাইলি অভিযানে ১,৯৬০ জন ফিলিস্তিনি নিহত ও ১০,১০০ জন আহত হন। অন্যদিকে, ইসরাইলের পক্ষে ৬৪ সেনা নিহত হয় বলে ইসরাইল স্বীকার করেছে। তবে, হামাসসহ ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠীগুলো দাবি করেছে ১৫০ জনেরও বেশি ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। সূত্র: প্রেসটিভি
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





