দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির বামপন্থি নেতা দিলমা রুসেফ। শপথ নেওয়ার পর দিলমা ঘোষণা দিয়েছেন, সামাজিক উন্নয়নে আরো জোরদার কর্মসূচি নেওয়া হবে।

বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

৬৭ বছর বয়সি ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট রুসেফ প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটির বেকারত্ব কমে যায়। অর্থনৈতিক উন্নয়নে পূর্বসূরীদের পেছনে ফেলেন তিনি। তবে তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অবশ্য এ জন্য কয়েকজন মন্ত্রীকে বাদ দেন রুসেফ।

দিলমা রুসেফ বামপন্থি কমিউনিস্ট নেতা থাকা অবস্থায় কয়েকবার কারাভোগ সহ্য করেছেন। গত মাসে দ্বিতীয় দফায় নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে দ্বিতীয় বার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন তিনি।

বৃহস্পতিবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার কংগ্রেস ভবনে দিলমার শপথ অনুষ্ঠানে তার দলের হাজারো নেতা-কর্মী উপস্থিত হন। নেতা-কর্মীদের গায়ে ছিল লাল রঙের পোশাক। রুসেফের রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টির লোগো লাল রঙের। ২০০৩ সাল থেকে ওয়ার্কার্স পার্টি ক্ষমতায় রয়েছে।

ইআর