দিন, তারিখ সঠিক করে জানা না গেলেও বিভিন্ন তথ্য-প্রমাণ থেকে ধরে নেওয়া হয় ইংরেজিভাষী দুনিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। আনুমানিক আজ থেকে ৯১৯ বছর আগে ১০৯৬ সালে প্রতিষ্ঠিত হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
সেই থেকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আসনে কোনো নারী বসেননি। এবার ইতিহাস বদলে যাচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভাইস চ্যান্সেলর হচ্ছেন অধ্যাপক লুইস রিচার্ডসন। এই পদে তিনি অক্সফোর্ড কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন পেয়েছেন। বর্তমানে তিনি সেন্ট অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ১৯ শতকে প্রথম উইমেন’স কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯২০ সালে নারীরা এর পূর্ণ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করে।
ব্রাসেনস, জিসুস কলেজ, ওয়াডহ্যাম, হার্টফোর্ড ও সেন্ট ক্যাথেরিন কলেজে নারীরা ভর্তির সুযোগ পায় ১৯৭৪ সাল থেকে। এগুলোতে আগে শুধু ছাত্ররা পড়াশোনা করত।
শেষ পর্যন্ত শুধু নারীদের জন্য সংরক্ষিত কলেজ ছিল অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের সেন্ট হিলডা’স কলেজ। ২০০৮ সাল থেকে এই কলেজও নারী-পুরুষ উভয় ধরনের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
বিশ্বকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে অঘোষিতভাবে একটি বিষয় কাজ করে, অক্সফোর্ডের সঙ্গে তাদের কার কী সম্পর্ক।
যুক্তরাজ্যের ২৬ জন প্রধানমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এর মধ্যে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, মারগারেট থ্যাচার, হেরল্ড উইলসন এবং এডওয়ার্ড হিথ। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।
কেএইচ





