এবোলা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে আফ্রিকার তিনটি দেশ সিয়েরালিওন, গিনি এবং লাইবেরিয়ার মুসলমানদের পবিত্র হজ ও ওমরাহ ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. খালিদ মারগালানি স্থানীয় সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

খালিদ বলেন, আমরা পররাষ্ট্র এবং হজ মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। দেশের সকল সীমান্ত ও বন্দরগুলোতেও যোগাযোগ রাখছি। আমাদের কর্মকর্তাদের এবোলা ভাইরাস চিহ্নিতকরণ এবং এর সংক্রমণ প্রতিরোধের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা এ ব্যাপারে যথেষ্ট সচেতন।

হজ মন্ত্রণালয়ের সহকারী সচিব ড. হুসেইন শরীফ বলেন, জনগণের স্বাস্থ্য নিরাপত্তায় মন্ত্রণালয় থেকে সকল ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৌদি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র খালিদ আল খাইবারী বলেন, সৌদি আরবের সঙ্গে আফ্রিকার ওই তিনটি দেশের সরাসরি কোনো ফ্লাইটও নেই। ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসন সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে।

ঢাকা, ৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর