গ্রিনউইচ মান সময় দুপুর ১২টা ৫৪ মিনিটে নভেম্বর সরবরাহের ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার ৬৯ সেন্ট বা ২ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ ডলার ১৮ সেন্টে দাঁড়ায়। গত ১০ সেপ্টেম্বরের পর এটিই ছিল ব্রেন্টের সর্বনিম্ন দাম।
অন্যদিকে মঙ্গলবার মেয়াদ শেষ হতে যাওয়া অক্টোবরের ডব্লিউটিআই চুক্তির দাম ২ ডলার ৬৯ সেন্ট বা ২ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৬১ সেন্টে নেমেছে। নভেম্বরের চুক্তিতে ডব্লিউটিআইয়ের দাম ছিল ব্যারেলপ্রতি ৯৩ ডলার ৪৯ সেন্ট।
তেলের বাজারে এই দরপতনের পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনার অগ্রগতির প্রত্যাশাকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ির বরাত দিয়ে জানা গেছে, পুনরায় আলোচনায় বসতে মধ্যস্থতাকারীদের কাছে তেহরান নিজেদের শর্তগুলো জানিয়েছে।
তবে একই সময়ে মধ্যপ্রাচ্যে সংঘাতও অব্যাহত রয়েছে। ইরানসমর্থিত ইয়েমেনের হুথিরা জানিয়েছে, তারা রিয়াদ এবং লোহিত সাগরের ইয়ানবু শহরে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলা চালিয়েছে। এর ফলে সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইন দিয়ে তেল সরবরাহেও বিঘ্ন তৈরি হয়েছে।
ইরানের তিনটি সূত্রের বরাতে জানা গেছে, সৌদি আরবের অনুরোধের পর চীন বেইজিংয়ের মাধ্যমে হুথিদের সংযত করতে ইরানকে আহ্বান জানিয়েছে।
হুথিদের হামলার কারণে ইয়ানবু বন্দর দিয়ে কিছু তেল সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়েছে সৌদি আরামকো। পরিস্থিতি সামাল দিতে চলতি ও আগামী মাসে হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি বাড়িয়েছে কোম্পানিটি।
জেপিমর্গানের বিশ্লেষকেরা ১৮ সেপ্টেম্বরের এক নোটে জানান, সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইনে বিঘ্ন ঘটলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ তুলনামূলকভাবে শক্তিশালী রয়েছে।
উপগ্রহ থেকে পাওয়া তথ্যের বরাতে বিশ্লেষকেরা জানান, গত ছয় দিনে হরমুজ প্রণালী দিয়ে সৌদি আরব প্রতিদিন গড়ে ২৯ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে। আগস্টে এ পরিমাণ ছিল প্রতিদিন মাত্র ৭ লাখ ব্যারেল।
এদিকে লিবিয়ার শারারা তেলক্ষেত্রে উৎপাদন আংশিক কমেছে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান মাসুদ সুলেমান। রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি উৎপাদন কমার বিষয়টি নিশ্চিত করলেও এর সুনির্দিষ্ট কারণ জানাননি।
সূত্র: রয়টার্স
এস





