ইউরোপে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ‘সক্রিয় ও বিপজ্জনক’ সেল গঠনের চেষ্টায় সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে স্পেন, জার্মানি ও বেলজিয়াম থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন স্পেনের ও একজন মরক্কোর নাগরিক। এদের মধ্যে দুজনকে বার্সেলোনা, একজনকে স্পেনের মেলিলা, একজনকে ব্রাসেলস এবং একজনকে জার্মানির উপারতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেনের পুলিশ জার্মানি ও বেলজিয়ামের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যৌথভাবে এই গ্রেপ্তার অভিযানগুলোতে কাজ করেছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, এই গোষ্ঠীটি সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে তাদের কর্মকাণ্ড চালাচ্ছিল। ‘ইসলাম ইন স্প্যানল’ অর্থাৎ ‘স্পেনে ইসলাম’ নামে ফেসবুক পেজ পরিচালনা করতেন তারা। ওই পেজের ফলোয়ারের সংখ্যা ৩২ হাজারেরও বেশি। ওই পেজে আইএসের গুণগান করা হতো এবং সিরিয়া ও ইরাকের বাইরে যেসব জঙ্গিগোষ্ঠী রয়েছে তাদের কর্মকাণ্ডের খবরাখবর এই পেজে প্রকাশ করা হতো।


এমএনজে