ইরানের আহভাজ শহরে সামরিক কুচকাওয়াজে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২২ জনকে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রণালয় আটকের বিষয়টি নিশ্চিত করে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এদের মধ্য থেকে পাঁচজনকে প্রতিক্রিয়াশীল আরব রাষ্ট্র সমর্থিত জিহাদি গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। গোপন আস্তানা থেকে এই ২২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরকসহ সামরিক সরঞ্জাম জব্দ করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, সন্ত্রাসীদের কারা সাহায্য করছে এবং অস্ত্র সরবরাহ করছে, সেটাও চিহ্নিত করা হয়েছে।
গত শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরে হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ২৯ জন নিহত হন। সন্ত্রাসী হামলার পরই দুটি গোষ্ঠী এই হামলার কৃতিত্ব দাবি করেছিল।
এর একটি আন্তর্জাতিক ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএস বা ইসলামিক স্টেট। অন্যটি খুজেস্তান-ভিত্তিক একটি স্থানীয় আরব মিলিশিয়া গোষ্ঠী, যারা দাবি করে ইরানে আরবদের অধিকারের পক্ষে তারা লড়াই করছে।
তবে কোন গোষ্ঠীর তরফ থেকেই তাদের দাবির পক্ষে কোন তথ্য প্রমাণ হাজির করা হয়নি।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত সরকারের একজন উপদেষ্টা টুইট করেছিলেন, ইরানের এই সামরিক কুচকাওয়াজ একটি সামরিক টার্গেট, কাজেই এর উপর হামলাকে সন্ত্রাসী হামলা বলে চালানো যাবে না।
তবে এই হামলার পর ইরান বরাবরই আঙ্গুল তুলেছে যুক্তরাষ্ট্রের দিকে। তাদের মতে যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট স্থানীয় জঙ্গিগোষ্ঠিগুলো এই হামলা চালিয়েছে। হামলার পর পরই কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে তলব করে ইরান। যাদের সাথে আঞ্চলিকগোষ্ঠি সু-সম্পর্ক বজায় ছিল।
জেড





