সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সিরিয়ার আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক।
মঙ্গলবার (০৩ মার্চ) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্ক এফ-১৬ জঙ্গিবিমানের সাহায্যে সিরিয়ায় একটি এল-৩৯ টাইপের বিমান ভূপাতিত করেছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটি ভূপাতিত করা অপারেশন স্প্রিং শিল্ডের একটি অংশ।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুরস্ক এফ-সিক্সটিন জঙ্গিবিমান ব্যবহার করে সিরিয়ার বিমানটি ভূপাতিত করে। বিমানটি পড়েছে সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত একটি এলাকায়।
তুরস্কের মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অপারেশন স্প্রিং শিল্ডের আওতায় ৩২৭ সিরিয়ান সেনাকে হত্যা করা হয়েছে। এছাড়া একটি যুদ্ধবিমান, একটি ড্রোন, ছয়টি ট্যাংক, পাঁচটি রকেট লাঞ্চার এবং ২টি বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।
এর আগে রোববার সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর দুই সুখোই-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তুরস্ক। মন্ত্রণালয়ের লিখিত বিবৃতিতে বলা হয়েছিল, আমাদের বিমানে হামলার পরেই আসাদ সরকারের দুটি সুখোই যুদ্ধবিমান-২৪ ভূপাতিত করা হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর হামলা ৩৪ সেনা তুর্কি সেনা নিহত হয়েছে। এছাড়া এই হামলায় কয়েক ডজন সেনা আহত হয়েছেন। এই প্রতিশোধ নিতেই আঙ্কারা গত রোববার সিরিয়ার ইদলিবে অপারেশন স্প্রিং শিল্ড পরিচালনার ঘোষণা দেয়।
এমবি





