ইরাকের মসুলের কাছে তিন হাজারের বছরের পুরাতন আশারীয় শহরের প্রসাদ ভেঙ্গে দিচ্ছে আইএস (ইসলামিক স্টেট) যোদ্ধারা। নিমরুদের ওই প্রচীন স্থাপত্য ভাঙ্গার বিষয়টি গত বৃহস্পতিবার নিশ্চিত করেছে ইরাকি রাষ্ট্রীয় টেলিভিশন। খবর আলজাজিরার।
এক সপ্তাহ আগে মসুলের একটি যাদুঘরের প্রাচীন মূর্তি ধ্বংসের ভিডিও প্রকাশ করেছিল আইএস।
মসুলে প্রত্নতাত্ত্বিক বিভাগে কর্মরত এক নারী কর্মকর্তা জানান, তারা (আইএস) বৃহস্পতিবার দুপুরের দিকে বুলডোজার নিয়ে এসে প্রসাদটি ভাঙ্গতে শুরু করে।
তিনি জানান, দ্বিতীয় আশুর্নাসির্পাল প্রাসাদের দ্বারে অবস্থিত লামাসু (পাখাসহ ষাঁড়ের মূর্তি) ভেঙ্গে ফেলা হয়েছে। তবে মসুলের ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রাসাদটির ঠিক কোন কোন স্থাপনা ধ্বংস করা হয়েছে তা এখনও পরিষ্কার নয়।
একটি সূত্র জানিয়েছে, সপ্তাহখানেক আগে আইএস সদস্যরা মসুলবাসীকে হুঁশিয়ার করেছিল যে তারা নিমরুদে মূর্তি ধ্বংসে অভিযান চালাবে।
প্রাসাদটি নির্মাণ করেছিলেন রাজা দ্বিতীয় আশুর্নাসির্পাল। তিনি ইরাক, লেভান্ত, নিম্ন মিসর ও তুরস্কের কিছু অংশ নিয়ে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। খ্রীষ্টপূর্ব ৮৮৩ থেকে ৮৫৯ সাল পর্যন্ত শাসন করেন তিনি।
ব্যবিলনীয় সভ্যতার অন্যতম নির্দশন নিমরুদে (ব্যবিলনীয় ভাষায় কালাহ) ৭ হাজার বছর আগে লোকের বসবাস শুরু হয়। শহরটিতে প্রায় ৬০ হাজার লোকের বসবাস ছিল।
২০০২ সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড নিমরুদকে বিশ্বের অন্যতম বিপন্ন ঐতিহাসিক স্থানের তালিকাভুক্ত করে।
ধারণা করা হচ্ছে, বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত প্রাচীন হাত্রা শহরটিও বিপদের মুখে রয়েছে।
জেআই





