ভারতের দিল্লি রাজ্যে জোড়াতালি দিয়ে সরকার গঠনের চেষ্টা হতেই বিজেপিকে কটাক্ষ করলেন আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছেন, ‘বিজেপি ভোটে লড়তে ভয় পাচ্ছে কেন? ক্ষমতা থাকলে নির্বাচনে লড়াই করে জিতুক। কেন্দ্রে যখন ওদের নিজেদের সরকার আছে তখন এত ভয় কী?’

বিজেপিকে কটাক্ষ করার পাশাপাশি তিনি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ-এর বিরুদ্ধে কামান দেগেছেন কেজরিওয়াল। তিনি বলেছেন, ‘লেফটেন্যান্ট গভর্নর বিজেপির হয়ে ব্যাট করছেন। তিনি প্রেসিডেন্টকে যে চিঠি লিখেছেন, তা পুনর্বিবেচনা করা উচিত। প্রেসিডেন্ট যেন লেফটেন্যান্ট গভর্নরকে বলেন, কোনোমতেই সরকার গড়ার জন্য যেন বিজেপিকে আমন্ত্রণ জানানো না হয়।’

কেজরিওয়ালের এ মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি। তারা বলছে, গণতন্ত্রকে সম্মান জানানো উচিত কেজরিওয়ালের। নাজিব জং একজন সাংবিধানিক প্রতিনিধি, তাঁকে অপমান করা উচিত নয়।
বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র কেজরিওয়ালের সমালোচনা করে বলেন, ‘উনি তো একজন স্বৈরাচারী শাসক। মুখ্যমন্ত্রী হয়েও উনি ধর্নায় বসেছিলেন।’

উল্লেখ্য, গত মাসে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়কে চিঠি দেন। তাতে তিনি লেখেন, দিল্লির বৃহত্তম রাজনৈতিক দলকেই সরকার গঠনের জন্য ডাকা হোক। আর এতেই আপত্তি কেজরিওয়ালের। তাঁর বক্তব্য, যারা এখনো বিধায়ক কেনার চেষ্টা করছে তাদের সরকার গঠনের জন্য ডাকা উচিত নয়।

এদিকে, কেজরিওয়াল ‘স্টিং অপারেশন’ এর সিডি প্রেসিডেন্টের কাছে তুলে দেবেন বলে জানিয়েছেন। বিজেপি কী ভাবে টাকার বিনিময়ে বিধায়ক কিনতে চাইছে তার গোপন ফুটেজ রয়েছে আপ নেতার হাতে। আজ (বুধবার) কেজরিওয়াল নিজেই দেখা করবেন নাজিব জং-এর সাথে। তাঁর হাতে তুলে দেবেন স্টিং অপারেশনের সিডির কপি।

এই রকম আরও সিডি তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন কেজরিওয়াল । বিজেপির সমস্ত পর্দা ফাঁস করে দেয়ার হুমকি দিয়েছেন তিনি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গড়ার চেষ্টা শেষমেশ ভেস্তে যেতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছেন। সূত্র: আইআরআইবি।

ঢাকা, ১০ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, টিআই