হাতির আক্রমণে প্রাণ গেল এক জার্মান বৃদ্ধের। প্রতিদিনের মতো শনিবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। এ সময় পাশের সার্কাস মাঠ থেকে বেরিয়ে আসা হাতির মুখে পড়েন তিনি।
জার্মান পুলিশের ভাষ্যানুযায়ী, বুচেন শহরে একটি জঙ্গলের রাস্তা ধরে হাঁটছিলেন ৬৫ বছর বয়সি ওই ব্যক্তি। এমন সময় হাতিটি তার ওপর হামলে পড়ে এবং শূড় ও পায়ের উপর্যুপরি আঘাতে মারা যান তিনি।
আফ্রিকান জাতের হাতটিকে পরে ধরে ফেলে নিরাপত্তাকর্মীরা এবং সার্কাস মাঠে ফিরিয়ে দেওয়া হয়।
পুলিশ তদন্ত করছে, কীভাবে হাতিটি ছাড়া পেল এবং কেনইবা সেটি এত উন্মাদ হয়ে উঠল। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এই ঘটনায় তৃতীয় কোনো পক্ষ জড়িত।
পুলিশের ধারণা, হাতিটিকে খাঁচায় ঢোকানোর পর হয়তো এর দরজা বন্ধ করতে ভুলে গেছে পরিচর্যাকারী অথবা কেউ ইচ্ছা করে এটি ছেড়ে দিয়েছে।
জার্মান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এর আগে দুবার দুর্ঘটনা ঘটিয়েছে এই হাতি। একবার এক ব্যক্তিকে শূড় দিয়ে পেঁচিয়ে বাতাসে ছুড়ে দেয় এবং অন্যবার ১২ বছর বয়সি এক শিশুকে দাঁত দিয়ে আঘাত করায় তার চোয়াল ভেঙে যায়।
শনিবারের ঘটনার পর হাতিটিকে সার্কাস থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। তথ্যসূত্র : বিবিসি অনলাইন।
এসএইচ





