যুদ্ধকবলিত ইরাকে ২০১৫ সালে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হওয়া মিস ইরাক শায়মা কাসিমকে নিজেদের সংগঠনে যোগ দিতে বলেছে জঙ্গিগোষ্ঠী আইএস। অন্যথায় তাকে অপহরণ করা হবে বলে হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠীটি।

শনিবার ইরাকের রাজধানী বাগদাদে এক অনুষ্ঠানে মিস ইরাকের মুকুট পরার পরই শায়মা কাসিমকে ফোনে ওই হুমকি দেওয়া হয়। ২০ বছর বয়সী এ শিক্ষার্থী এমন হুমকি পেয়ে শঙ্কিত। এরপরও সব বাধা মাড়িয়ে সামনে যাওয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেছেন তিনি।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি প্রমাণ করতে চাই, ইরাকি সমাজে নারীদের নিজস্ব অস্তিত্ব রয়েছে। তাদের পুরুষদের মতো অধিকার রয়েছে। আমি কোন কিছুর ভয় করি না। কারণ, আমি আত্মবিশ্বাসী যে, আমি যা করছি, তা ভুল নয়।

এর আগেও সেপ্টেম্বরে প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠানটি রক্ষনশীল উপজাতি নেতাদের তীব্র ক্ষোভের কবলে পড়েছিল। তাদের বক্তব্য ছিল, এমন সুন্দরী প্রতিযোগিতা অনৈসলামিক ও নৈতিকতা পরিপন্থী। পরে মৃত্যুর হুমকি পেয়ে অন্তত দুইজন প্রতিযোগি নিজেদের নাম প্রত্যাহার করে বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স।

আয়োজকরাও প্রতিযোগিতা থেকে সাতারের পোশাক পরার অংশ বাদ দেয় ও অনুষ্ঠানের টেলিভিশন সম্প্রচার পিছিয়ে দেয়। এবার আরও এক ধাপ এগিয়ে ইরাকের এক-তৃতীয়াংশের নিয়ন্ত্রণকারী জঙ্গিগোষ্ঠী আইএস খোদ মিস ইরাককে নিজেদের সংগঠনে যোগ দিতে বলেছে।

সূত্র: ডেইলি মেইল।

এআই