ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্থানের গল্পটা এত মসৃণ নয়। পৃথিবীতে এমন আরও অনেক উদাহরণের মতোই মোদীও সামান্য একজন চা বিক্রেতা থেকে আজ তিনি ভারতের মতো রাষ্ট্রের প্রধানমন্ত্রী।
মোদীর এমন কর্মের প্রশংসা করে ট্রাম্পকন্যা ইভাঙ্কা মোদীকে ‘গণতন্ত্রের প্রতীক’ বলে আখ্যা দিয়েছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ভারতের হায়দরাবাদে ‘বৈশ্বিক উদ্যোক্তা সম্মেলন’ (জিইএস-২০১৭) এ যোগ দিয়ে সম্মেলনের উদ্বোধন শেষে দেয়া বক্তব্যে মোদীর ভূয়শী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ইভাঙ্কা। এসময় তিনি ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেন।
হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপোজিশন ও হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এ সম্মেলন ৩৫০ সদস্যের মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ৩৬ বছর বয়সী উদ্যোক্তা ইভাঙ্কা।
ইভাঙ্কা বক্তব্যের শুরুতেই মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘চা বিক্রেতা থেকে তার (মোদি) এ উত্থান আমাদের পরিবর্তনের জন্য আশাবাদী করে। ছোটবেলায় একজন চা-বিক্রেতা হয়ে জীবন শুরু করে বর্তমানে আপনি ভারতের প্রধানমন্ত্রী। আপনি প্রমাণ করে দিয়েছেন ‘যুগান্তকারী পরিবর্তন’ সত্যিই সম্ভব। ভারতের ১৩০ কোটি মানুষের জন্য আপনি এক উজ্জ্বল দৃষ্টান্ত।’
মোদীর নেতৃত্বে ভারতের চলমান সাফল্য অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্পকন্যা। এসময় মোদীকে ভারতবাসীর ‘আশার আলো’ বলে আখ্যা দেন ইভাঙ্কা।
সম্মেলনে মোদী তাঁর বক্তব্যে ভারতে এসে বিনিয়োগের জন্য সবাইকে আহ্বান জানান। খবর: ইন্ডিয়া টুডে





