ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের নিহত আরো কয়েকজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হলো। এদিকে বিমানটি জাভা সাগরের অগভীর তলদেশে রয়েছে বলে প্রায় নিশ্চিত হওয়া গেছে। জাহাজের অবস্থান শনাক্ত করতে বিশেষজ্ঞরা অত্যাধুনিক সব যন্ত্রপাতি ও উপকরণ নিয়ে সেখানে গেছেন। খবর বিবিসির।
ধ্বংসাবশেষ অন্বেষণের ব্যাপারে ফ্রান্সের বিশেষজ্ঞ একটি দল ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। তারা অত্যাধুনিক সব উপকরণ নিয়ে বিমানটির অবস্থান জানার চেষ্টা করবেন; বিশেষ করে বিমানের ব্ল্যাক বক্সটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাবেন।
এয়ার এশিয়ার 'কিউজেড৮৫০১' বিমানটি ১৬২ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাবার পথে গত বছরের ২৮ ডিসেম্বর রাডার থেকে হারিয়ে যায়। এরপর বিমানটির বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া যায়। বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। ক্রু-পাইলটসহ যাত্রীদের কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
বিমানটির উদ্ধারকারী দলের প্রধান বামবাং সোয়েলিসটিও জানান, বিমানটি পানির ২৫ থেকে ৩০ মিটার গভীর পানির মধ্যে ডুবে আছে ধারণা করা হচ্ছে।
এমএ





