তেহরান ও ইসলামাবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সংবাদ সম্মেলনে শুক্রবার একথা বলেছেন রুহানি।

দুই দেশের অভিন্ন সীমান্তে উগ্রবাদী ও সন্ত্রাসীদেরকে হুমকি হয়ে উঠতে না দেয়ার বিষয়েও দু দেশ অঙ্গীকারাবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি। এছঅড়াও  দু দেশের নিরাপত্তা পরস্পরের সঙ্গে জড়িত এবং একে অন্যের ওপর নির্ভরশীল বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়াও সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ দু দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে দু দেশের মধ্যে বিরাজমান ভ্রাতৃত্ব এবং বন্ধুপ্রতীম সম্পর্কের কথা উল্লেখ করেন নওয়াজ শরীফ। তিন বছরের কম সময়ের মধ্যে এ নিয়ে তৃতীয় দফা দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব বৈঠকের মধ্যদিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা স্পষ্ট হয়ে উঠছে।

নওয়াজ শরীফ বলেন, ড. রুহানির সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হয়েছে। দুই প্রেসিডেন্ট নানা ক্ষেত্রে সম্পর্কোন্নয়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, বিগত ১৪ বছরের মধ্যে এই প্রথম শিয়াপন্থী ইরানের কোনো রাষ্ট্রপ্রধান সুন্নি প্রধান পাকিস্তান সফরে এসেছেন।

 

এমআইএস।