চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা না গেলে যুক্তরাষ্ট্রে ২২ লাখ লোক মারা যেতে পারেন।
ইমপেরিয়াল কলেজ অব লন্ডনের কোভিড-১৯ রেন্সপন্স টিমের বরাতে দ্য ইন্টারসেপ এমন তথ্য দিয়েছে।
পুরো জনসংখ্যার মধ্যে সামাজিক দূরত্ব, আক্রান্তদের বাড়িতে আইসোলেশন ও অসুস্থদের পরিবার সদস্যদের কোয়ারেন্টাইন করে রাখার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হলেও মার্কিন চিকিৎসা সক্ষমতা ভেঙে পড়তে পারে বলে প্রতিবেদনে আভাস দেয়া হয়েছে।
সপ্তাহখানেক আগে এসব তথ্য হোয়াইট হাউস টাস্কফোর্সের কাছে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন গবেষকরা।
ভাইরাসটি নিয়ন্ত্রণ করতে হলে কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক জমায়েতে মারাত্মক বিধিনিষেধ আরোপ করতে হবে। টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত এই কড়াকড়ির কোনো বিকল্প নেই বলেও বিশেষজ্ঞরা মনে করছেন।
প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ ভাইরাসের টিকা আবিষ্কার করতে অন্তত আঠারো মাস সময় লেগে যেতে পারে।
আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকদের একটে বড় সংখ্যক হবেন দরিদ্ররা। অসুস্থতার সময় কাজে যেতে না পেরে আর্থিক সংকট ও চিকিৎসার অভাবে নিম্ন আয়ের মার্কিন নাগরিকরা বেশি ঝুঁকিতে পড়ে যাবেন। এতে ভাইরাসটি আরও প্রাণঘাতী রূপ নিতে পারে।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরের শেষদিন চীনের উহানে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। প্রায় তিন মাস চীনে তাণ্ডব চালিয়েছে, এখন গোটা বিশ্বেই আতঙ্ক ছড়াচ্ছে এই মহামারি।
ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এতে মারা গেছেন ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন।
এখনও করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা এর উৎস দেশ চীনে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২২৬ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার ৮৮১ জন।
এমবি





