অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমুজগানের আকাশে অনুপ্রবেশকারী মার্কিন এই ড্রোনকে ভূপাতিত করা হয়।
আজ (২০ জুন) বৃহস্পতিবার ভোরে আইআরজিসি’র জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রদেশের ‘কুহে মোবারক’এলাকায় যুক্তরাষ্ট্রের তৈরি ‘গ্লোবাল হক’মডেলের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে নামানো হয়েছে। কুহে মোবারক এলাকাটি হরমুজগান প্রদেশের মধ্যাঞ্চলীয় ‘জাস্ক’কাউন্টিতে অবস্থিত।
আইআরজিসি’র জনসংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী যেকোনো শত্রু বিমান বা ড্রোন গুলি করে নামানোর যে নির্দেশ রয়েছে তা বাস্তবায়ন করা হয়েছে।
এই সম্পর্কে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী ‘সেন্টকম’র পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের কারণে এই অঞ্চলে যখন তীব্র উত্তেজনা বিরাজ করছে তখন ইরানের আকাশসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত করার খবর এল।
এছাড়া, মার্কিন সেনারা এমন সময় ইরানে গোয়েন্দা ড্রোন পাঠাল যখন তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে আলোচনায় বসার প্রস্তাব দিচ্ছেন। ট্রাম্পের আলোচনার প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিয়েছে ইরান।
সম্প্রতি ইরানের পার্লামেন্ট মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী ‘সেন্টকম’কে ‘সন্ত্রাসী বাহিনী’অভিহিত করে প্রস্তাব পাস করেছে এবং ওই প্রস্তাবের জের ধরে তেহরান এই অঞ্চলে মোতায়েন সব মার্কিন সেনাকে সন্ত্রাসী সেনা বলে মনে করে।
এমবি





