ইসলামপন্থীদের নেতৃত্বাধীন মিলিশিয়ারা লিবিয়ার প্রধান বিমানবন্দরে তাদের হামলা জোরদার করেছে। বিমানবন্দরটি প্রতিদ্বন্দ্বী যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয় সোমবার জানায়, সেখানে এক সপ্তাহের লড়াইয়ে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে।

গত ১৩ জুলাই শুরু হওয়া এ লড়াইয়ে আরো ১২০ জন অহত হয়েছে। এ লড়াই শুরু হওয়ার পর থেকে ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে।

রোববার নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় ইউরোপীয় ইউনিয়ন নিন্দা জানিয়েছে। বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে অস্ত্র বিরতি চুক্তি ভেঙ্গে যাওয়ার দু’দিন পর এ সংঘর্ষ হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সংঘর্ষে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়।

ইসলামপন্থী যোদ্ধাদের নেতৃত্বাধীন মিলিশিয়া জোট রোববার ওই বিমানবন্দরে হামলা শুরু করে। পরে এ সংঘর্ষ রাজধানী মুখী সড়কে ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা কর্মকর্তা আল-জিলানি আল-দাহেশ এএফপিকে বলেন, রোববার সন্ধ্যা নাগাদ বিমানবন্দরের চারদিকের লড়াই অনেকটা নিয়মিত হয়ে এসেছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর পশ্চিম উপকণ্ঠে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

আল-দাহেশ এএফপিকে বলেন, ‘আজ সকালে বিমানবন্দরে কয়েক দফা মর্টার, রকেট ও ট্যাংকের গোলা বর্ষণ করা হয়।

এ পর্যন্ত এটি ছিল সবচেয়ে ব্যাপক হামলার ঘটনা।

এদিকে বৃহস্পতিবার লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আব্দেলাজিজ লিবিয়ার সেনা ও পুলিশ বাহিনী গঠন এবং বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান রক্ষায় জাতিসংঘের সাহায্য চেয়েছেন। সূত্র: এএফপি।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই