বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিতে আগ্রহ প্রকাশ করেছে জাপান। মঙ্গলবার দুপুরে জাপানের একটি প্রতিনিধি দল শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সাথে তার কার্যালয়ে সাক্ষাতকালে এ আগ্রহ ব্যক্ত করেছে।

বাংলাদেশের চিকিৎসকরা অত্যন্ত দক্ষ, মেধাবী, পরিশ্রমী, আন্তরিক ও দরদি মনের অধিকারী এবং এ দেশের নার্সরাও রোগীদের যত্ন নেয়ার ব্যাপারে অত্যন্ত আন্তরিক ও সেবাপরায়ণ এ কথা উল্লেখ করে জাপানি প্রতিনিধি দল জানান,তাদের দেশে বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের প্রচুর চাহিদা রয়েছে।

এজন্য প্রয়োজনে জাপানি ভাষা শিখিয়ে হলেও তারা বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিবে বলে বিএসএমএমইউ’র ভিসিকে জানান ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।

এতে জানানো হয়,অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সাথে জাপানি প্রতিনিধি দলের অত্যন্ত সোহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

প্রতিনিধি দলের প্রধান জাপানের লিঙ্কস্টাফ কোম্পানি লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর ইয়াসুকি সুজিতা এবং ওই কোম্পানির এ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর কজি সাইটোসহ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চীফ এস্টেট অফিসার ডা. এ কে এম শরীফুল ইসলাম, সহকারী প্রক্টর, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে, অধ্যাপক ডা. কামরুল হাসান খান গুলাশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত জাপানি নাগরিকদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, ‘বাংলাদেশের সাথে জাপানের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে এ সম্পর্ক আরো জোরদার হবে।’

তিনি বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিতে জাপানের আগ্রহকে ‘উত্তম প্রস্তাব’ হিসেবে অভিহিত করেন এবং প্রতিনিধি দলের সদস্যদের ধন্যবাদ জানান। সূত্র-বাসস

এমবি